• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাভারে পোশাক কারখানার আড়ালে নকল টাকা তৈরির কারখানা, আটক ৩

মে 24, 2023

রাজিউল হাসান পলাশ: সাভারের বনগাঁও ইউনিয়নে একটি পোশাক কারখানার আড়ালে নকল টাকা তৈরি কারখানা খুলে বসেছে একটি চক্র। এ ঘটনায় অভিযান পরিচালনা করে ৫০ লাখ ১৭ হাজার নকল টাকাসহ তিনজনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ।

সেখানে অভিযান পরিচালনা করে ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের জাল নোট, বিপুল পরিমান জালটাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি, এক বোতল বিদেশি মদ, এক ক্যান বিয়ার ও ১০০পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার (২৪ মে) বেলা ১১ টা থেকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুরের পুরান বাড়ি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাখাওয়াত হোসেন খানের মালিকানাধীন সাউথ বেঙ্গল এপারেলস গার্মেন্টস কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার ডিগ্রীরচর খান বাড়ির জয়নাল আবেদীন খানের ছেলে সাখাওয়াত হোসেন খান (৫০), শরিয়তপুর জেলার পালং থানার গয়াধর গ্রামের আল ইসলাম সরদারের ছেলে সুজন মিয়া (৩০) ও বরিশাল জেলার মুলাদী থানার বয়াতিকান্দি গ্রামের মানিক মোল্লার ছেলে নাজমুল হোসেন (২৪)।

তবে স্থানীয়দের দাবী তারা এ বিষয়ে কিছুই জানতেননা। তারা ভাবতেন এখনো সেখানে প্যান্ট শার্টই তৈরি করা হতো।

এ ব্যাপারে কারখানার পাশের বাড়ির মালিক ইব্রাহীম খান জানান, দীর্ঘ দিন থেকে এই এলাকায় পোশাক কারখানাটি পরিচালনা করছেন সাখাওয়াত হোসেন খান নামের ওই ব্যক্তি। পরে করোনা কালীন সময়ে গার্মেন্টস ব্যাবসায় লস খেয়ে কারখানাটির পাশের একটি জমিতে গরুর ফার্মের ব্যবসা শুরু করেন তিনি। কিছুদিন পর সেটিও বাদ দিয়ে পুনরায় কারখানার ভেতর টুকটাক কাজ করছিলো বলে জানতাম। কিন্তু তিনি যে পোশাক কারখানার আড়ালে ভেতরে জাল টাকার তৈরি করতো সেটি আমাদের কল্পনাতেও ছিলোনা। আজ সকালে পুলিশের অভিযানের ফলে বিষয়টি জানতে পারলাম।

এদিকে অভিযুক্ত সাখাওয়াত হোসেন খান জানান দীর্ঘদিন পূর্বে তিনি এখানে কারখানাটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে করোনার সময় তার বেশকিছু অর্ডার বায়াররা ক্যান্সেল করে দেয় এতে তিনি বেশ বেকায়দায় পরে এবং ব্যাংকের নিকট ৫/৭ কোটি টাকার মতো ঋণের বোঝায় পরেন। পরবর্তীতে এই আর্থিক সমস্যার সুযোগে গত চারমাস পূর্বে সাইফুল নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা এবং আহসান উল্লাহ মন্ডল ও নুরুনবী নামে আরো দুজন তাকে এই জাল টাকা বানানোর জন্য প্রস্তাব দেয়। তারাই এই জাল টাকা প্রস্তুতির সকল সরঞ্জামও সরবারাহ করতো।

এ ব্যাপারে অভিযান শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম-বার বলেন, আজ সকালে সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে জাল টাকা দিয়ে লিচু কিনতে গেলে দোকানদারসহ স্থানীয়রা জাল নোট শানাক্ত করে ও একজনকে আটক করে সাভার থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানাপুলিশ আটক ব্যক্তিকে নিয়ে সাভারের বনগাঁও এর সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করে সম্পূর্ণ প্রস্তুত ৫০ লাখ ১৭ হাজার নকল টাকা ও প্রিন্ট অবস্থায় আরও বিপুল পরিমাণের জাল টাকার সন্ধান পায়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে কারখানার সব জাল টাকা উদ্ধার করে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গার্মেন্টসটির অভ্যান্তরে সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের সহায়তায় জাল নোট তৈরির কারখানা গড়ে তোলে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে এই জাল নোট ব্যবহার করে বিপুল অর্থের মালিক হওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিযান এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী- পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ও বনগাঁও ইউনিয়নের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেসুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য আটককৃতদের বিরুদ্ধে, সাভার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.