বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক জননেত্রী শেখ হাসিনা।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সাবেক ছাত্রলীগ নেতাকর্মী পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন ইউরোপীয় আওয়ামী লীগ ও ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
সম্মেলন উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগ দেন। একেক শাখার নেতা-কর্মীরা একেক রঙের টি-শার্ট ও টুপি পরে,প্লেকার্ড নিয়ে সম্মেলন স্থলে আসেন।
সম্মেলনের পর ঘোষণা করা হবে ছাত্রলীগের কেন্দ্রীয় নতুন নেতৃত্ব। পাশাপাশি ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার নতুন কমিটি।
কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৪ জন। তাঁদের মধ্যে ৯৬ জন সভাপতি ও ১৫৮ জন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।
