মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সালথা প্রেসক্লাব।
আহত সাংবাদিক নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি, সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং অনলাইন পোর্টাল সমাজের বাণীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। এ সময় সাংবাদিক নিজাম তালুকদার তাঁদের মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ নভেম্বর ২০২৬
