ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করতে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ইতালি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। সোমবার (২৮ অক্টোবর) রোমে ইতালির পররাষ্ট্র বিষয়ক উপসচিব ম্যানলিও ডি স্টেফানোর সঙ্গে বৈঠক করার সময় বার্তাটি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে পৌঁছে দেওয়া হয়।
এ সময় ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধন্যবাদ প্রকাশ করে জানিয়ে বলেন, অদূর ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক তারিখে সরকারী দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর করে খুশি হবেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ওয়ান স্টপ-সার্ভিস, হাই-টেক পার্কস, এর জন্য প্রদেয় ট্যাক্স ইনসেনটিভসহ বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগ সম্পর্কে ইতালীয় উপরাষ্ট্র সচিবকে অবহিত করেন।
শিল্প স্থাপন ইত্যাদির জন্য তিনি ইতালীয় ব্যবসায়ীদের উইন-উইন পরিস্থিতির জন্য বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে, উপ-সচিব ডি স্টাফানো সামনের বছর ইতালি থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফরে সম্মত হন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট নিয়ে মানলিও ডি স্টেফানোকেও অবহিত করেন এবং বলেন, জরুরি ভিত্তিতে বাংলাদেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের উপর কঠোর চাপ তৈরি করা দরকার।
ইতালীয় উপ-সচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং জানিয়েছেন যে ইতালি সরকার রোহিঙ্গাদের পক্ষে দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি আশ্বাস দেন যে ইইউর অভ্যন্তরে এবং পৃথক পৃথকভাবেও রোহিঙ্গা সঙ্কটের দ্রুত সমাধানের জন্য ইতালি চেষ্টা চালিয়ে যাবে।
