মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় পুত্রের হাতে পিতা খুন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে। নিহত ব্যক্তির নাম হারুন চৌধুরী (৬৫)। সে রামনগর গ্রামের মৃত দানে চৌধুরীর ছেলে। শুক্রবার সকালে হারুন চৌধুরীকে (৬৫) তার ছেলে মিলন চৌধুরী (২৮) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে খুনি মিলন চৌধুরী পলাতক রয়েছে। এ ঘটনার সময় ঠেকাতে গিয়ে ছেলে মিলনের লাঠির আঘাতে মা হালিমন বেগম (৬০) আহত হয়েছে।
স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের হারুন চৌধুরীর ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। হারুন চৌধুরীর এক ছেলের নাম মিলন চৌধুরী। মিলনের স্ত্রী ও এক ছেলে রয়েছে। হারুন চৌধুরীর জমিজমা মিলনের নামে লিখে দেয়ার জন্য প্রায় সময় মিলন তার পিতাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু হারুন চৌধুরী কিছুতেই ছেলের সেই অনৈতিক প্রস্তাবে রাজি হয়নি। শুক্রবার সকালে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে তার পিতাকে হত্যা করে। এসময় ঠেকাতে গিয়ে মিলনের লাঠির আঘাতে মিলনের মা হালিমন বেগম আহত হয়।
নগরকান্দা উপজেলার রামনগর গ্রামে ছেলের হাতে পিতা খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির।
নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, ছেলের হাতে পিতা খুন হয়েছে এমন খবর পাওয়ার পর, এসআই আনোয়ার হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
