
ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে গত ১৯ই সেপ্টেম্বর রবিবার ‘সেবানন্দ‘ সামাজিক সংগঠনের উদ্যোগে ‘পপুলার ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার‘-এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প বা স্বাস্থ্যসেবা বিতরণ অনুষ্ঠিত হয়।
“সুস্থ দেহ সুস্থ মন” এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপি বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি। ডাক্তার প্রভাত মন্ডল, রাসেল মামুন ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ রোকেয়া বেগম এর চিকিৎসাসেবায় ৪২৮ জন গরিব ও অসহায় মানুষের এই ক্যাম্প থেকে সেবা গ্রহণের নথি পাওয়া যায়।

সেবানন্দ সামাজিক সংগঠনটি অল্প সময়ে আত্মপ্রকাশ করলেও মাত্র ৬ মাসে প্রায় ধামরাই উপজেলা থেকে ৬০ জন মানুষকে জরুরি রক্ত প্রদানের সেবা দিয়েছে। মূলত, রক্তের ডোনারদের সংঘবদ্ধ করে, জরুরিভাবে রক্ত প্রদানের সেবা দেয়ার উদ্দ্যেশ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। এছাড়া, সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো ও নারী–পুরুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে এই সংগঠন ধামরাই উপজেলা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ক্যাম্পে ‘সেবানন্দ‘ সংগঠনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ রাকিবুল হাসান সিয়াম, সহ–সভাপতি মোঃ রাহিমুল ইসলাম তুষার, সহ–সভাপতি মোঃ নাজমুল আহম্মেদ আল–আমিন, সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম এবং সাধারণ সদস্যবৃন্দ ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
ক্যাম্প পরিচালনা শেষে সভাপতি মোঃ রাকিবুল হাসান সিয়াম আরো বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা ও সকলের অংশগ্রহণ করার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, কোভিড–১৯ মহামারির এই সময়ে দেশের প্রান্তিক অঞ্চলের দুস্থ মানুষদের পাশে দাড়াঁনো মানবিকভাবে জরুরি। বিশেষ করে, আমাদের তরুণ সমাজ এই ক্ষেত্রে এগিয়ে না আসলে জাতিগতভাবে আমাদের বিকাশ ও বহির্বিশ্বে তাল মিলিয়ে চলা সম্ভব না।
দিনব্যাপি এই ক্যাম্প শেষে ধামরাইয়ের প্রশাসনিক বিভিন্ন অধিদপ্তর ও সুশীল সমাজের পক্ষ থেকে তরুণদের এধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়।
মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী
ধামরাই, ঢাকা।
