
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ ও কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা. মো. শাহিনুল ইসলাম জানান, আগামীকাল ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর (৫৯ মাস) বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে এবং চলতি বছরে উপজেলায় মোট ২৩ হাজার ১২০ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৯ এপ্রিল ২০২৬
