
রাজিউল হাসান পলাশঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, যেকোনো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। তারা দেশের অগ্রগতিতে মূূূল চাবিকাঠি হিসেবে কাজ করে। ইতিহাস স্বাক্ষী, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নায্য দাবির আন্দোলনে ছাত্রসমাজের নেতৃত্বে সফলতা এসেছে। বর্তমানে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে নগণ্য সংখ্যক কিছু দুষ্কৃতিকারী এখনো সক্রিয়। তাদের কার্যক্রমকে রুখে দিয়ে উন্নয়ন বজায় রাখতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনাতয়নে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গাকসু) এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।
গাকসু নেতৃবৃন্দকে শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা- আরিচা মহাসড়কের বাইশমাইলে দুর্ঘটনা হ্রাসে ফুটওভার ব্রিজের দাবি শীঘ্রই বাস্তবায়নের আশ্বাস দেন স্থানীয় এমপি ডা. মো. এনামুর রহমান। গাকসুর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রলিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা।
