
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তেলি সালথা পশ্চিমপাড়া যুবসংঘের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার তেলি সালথা ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবসমাজের ব্যাপক উপস্থিতি সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।

তেলি সালথা পশ্চিমপাড়া যুবসংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান।
এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক আব্দুল মান্নান মাতুব্বর, আব্দুর রহমান খান ও মো. ফারুক মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. দবির উদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগণ, বিশেষ করে যুবসমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি ওসি মো. বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে পারলে মাদক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।”
সমাবেশ শেষে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
২৭ জুন ২০২৬
