• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মাদক কারবারিকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

জুন 26, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার একটি গ্রামে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক কারবারিকে প্রমাণসহ ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিষ্ণুদী যুব উন্নয়ন সংগঠন এ ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেন অধ্যাপক কামরুল ইসলাম। তিনি বলেন, গ্রামের কোনো মাদক কারবারিকে সুনির্দিষ্ট প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনের সভাপতি মো. রবিউল মুন্সী বলেন, “নতুন প্রজন্মকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকার তরুণদের সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে মাদকের বিস্তার রোধ এখন সময়ের দাবি।

এ সময় অকারণে গভীর রাতে এলাকায় ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদকাসক্তরা টাকার অভাবে একসময় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার পাশাপাশি এলাকার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে উপস্থিত এলাকাবাসী অঙ্গীকার করেন, মাদক বিক্রেতা বা মাদকসেবী আটক হলে তিনি নিজের সন্তান হলেও তাকে ছাড়িয়ে আনতে যাবেন না।

এ ছাড়া সভা থেকে রাত ১০টার পর গ্রামের দোকানপাট বন্ধ রাখার এবং ছেলে-মেয়েরা যেন অকারণে গভীর রাতে বাইরে ঘোরাফেরা না করে, সে বিষয়ে অভিভাবকদের বিশেষ নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মহিউদ্দিন, প্রবীণ আলেম মেজবাহ উদ্দিন, হাফিজুর মাতুব্বর, হবি মোল্যা, ইউপি সদস্য উজ্জ্বল শেখ, বিষ্ণুদী যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য।

২৬ জুন ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.