সখীপুরে দলিল লেখক ওয়াজেদ আলী লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদকঃ-
টাঙ্গাইলের সখীপুরে সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে ওয়াজেদ আলী নামে এক দলিল লেখক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে প্রত্যেক্ষদর্শীরা জানায়।
দলিল লেখক ওয়াজেদ আলী বলেন, দলিল লেখা নিয়ে আমাদের অফিসে একটি সিন্ডিকেট সক্রিয়। আমি সেই সিন্ডিকেট মানিনি। এ কারণে দুপুরে দলিল লিখে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় কার্যালয়ের বারান্দায় ও ভেতরে কয়েকজন স্ট্যাম্প বিক্রেতা আমার গায়ে হাত তোলে এবং দলিল কেড়ে নেয়ার চেষ্টা করে।
সখীপুরের অতিরিক্ত দায়িত্বরত সাব রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, দলিল লেখক লাঞ্ছিত হওয়ার কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো। তবে দুপুর ২টার পর আমার অফিসের সামনে বিশৃঙ্খলার আভাস পেয়ে সখীপুর থানা পুলিশকে খবর দিই। সখীপুর থানার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত দেখে কিছুক্ষণ অবস্থান করে চলে আসি। দলিল লেখক লাঞ্ছিত হওয়ার কোন ঘটনা শুনিনি।
সখীপুরে দলিল লেখক ওয়াজেদ আলী লাঞ্ছিত
