১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়ারল্যান্ডের কর্কে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন
খাদিজা জাহিন সারা, আয়ারল্যান্ড প্রতিনিধি :
১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে আয়ারল্যান্ডের কর্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে কর্কের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্কের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
আলোচনার মূল আকর্ষণ ছিল বিজয় দিবসের তাৎপর্য ভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যক্রম। পাশাপাশি, প্রবাসী বাঙালিদের মধ্যে দেশীয় সংস্কৃতির আমেজ ছড়িয়ে দিতে পিঠা মেলার আয়োজন নিয়ে আলোচনা করা হয়। নতুন প্রজন্মের শিশুদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে পরিচয় করিয়ে দিতে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটিতে আরও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এই বিজয় দিবস উদযাপন প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আইরিশ কমিউনিটির মধ্যে এক চমৎকার মেলবন্ধন ঘটাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ আয়োজনের মাধ্যমে আইরিশ প্রতিবেশীদের কাছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গভীরতা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি হবে।
প্রবাসীরা মনে করেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের দেশের মূলধারা ও দেশপ্রেমের সাথে সম্পৃক্ত করার এক দারুণ প্রয়াস। পরিশেষে, সকলের আন্তরিক সহযোগিতায় প্রবাসের মাটিতে দেশের গৌরবময় ইতিহাস তুলে ধরার আহ্বান জানানো হয় সভা থেকে।
