
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে নিবন্ধন না থাকায় তিনটি ক্লিনিক ও একটি ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া আরো ৩টি ক্লিনিকের আংশিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাইয়ের ঢুলিভিটা ও কালামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে পৌরসভার থানা রোড দক্ষিণ পাড়ার এ আর এন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকার বিডিএন ডায়াবেটিক সমিতি নামে একটি হাসপাতাল এবং ধামরাই বাজারে শিকদার ডেন্টাল কেয়ার ও কালামপুর এলাকার ইয়ামিন ডেন্টাল কেয়ারের সকল ধরণের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়া পদ্মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বৃষ্টি সেবা হাসপাতাল ও ধামরাই ডায়াবেটিক সমিতি নামে আরো ৩টি হাসপাতালের আংশিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ মে দুটি ক্লিনিক ও দুটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে আগামী দিনগুলোতেও এমন অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত রা।
তিনি বলেন, ধামরাই উপজেলায় গত দুই দিনে ৩৮ টি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। যে সকল হাসপাতালের নিবন্ধন নাই, সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বহিঃ বিভাগের কার্যক্রম চালু আছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমাদের এই অভিযান চলবে।
