
ঢাকার ধামরাইয়ে ১টি হাসপাতাল ও ২ টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ওষুধের দোকানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে অভিযান পরিচালনা করে মমতাজ ডায়বেটিক ও জেনারেল হাসপাতাল, সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার, গ্রামীন কল্যান সুয়াপুর স্বাস্থ্য কেন্দ্র এবং ঢুলিভিটা ধানসিড়ি এলাকার একটি ওষুধের দোকান বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।
এসব হাসপালে চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করে সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, রুটিন পরিদর্শনের কার্যক্রম হিসেবে ধামাইয়েও পরিদর্শন চালানো হয়। পরিদর্শন শেষে একটি হাসপাতাল, দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ওষুধের দোকান প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এবং বিভিন্ন অনিয়ম থাকায় পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
