
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষার জন্য যারা দিয়েছেন প্রাণ, যাদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ- সেই সব ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। যথাযোগ্য মর্যাদায় পালন করছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ভরে ওঠে আজ দেশের সব প্রান্তের প্রতিটি শহীদ মিনার প্রাঙ্গণ।
সারা দেশের ন্যায় আজ রবিবার ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদ এবং ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির।
এ দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে আলোচনাসভা ও প্রভাতফেরির আয়োজন করে উপজেলা প্রশাসন। ধামরাই উপজেলা চত্ত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে সকালে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরি বের করে। এরপর উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
