ইসমাইল হোসেন স্বপন (ইতালি থেকে) : মহামারী করোনা ভাইরাসের প্রকোপে ইতালিতে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় ৭৫৬ জন মৃত্যুবরণ করেছেন। আর আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জন ও আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৮৯ জন। রোববার (২৯ মার্চ)
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন। বোরেল্লি জানান, ইতালিতে একদিনে ৬৪৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৩০ করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনায় বিপর্যস্ত ইতালিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ চিকিৎসক। সংক্রমিত হয়েছেন ৬ হাজারেও বেশি স্বাস্থ্যকর্মী। যা দেশের মোট আক্রান্ত রোগীর প্রায় ৮ দশমিক ৩ শতাংশ।
