
রাজিউল হাসান পলাশ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান ঝালকাঠির প্রত্যন্ত এলাকা দোগনা বাজারের নারী নরসুন্দর শেফালী রানী শীলের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে দেয়া উপহার। প্রতিমন্ত্রী এনামুর রহমানের প্রচেষ্টায় ৪ শতাংশ জমির ওপর দুর্যোগ সহনীয়, টেকসই ও উন্নতমানের ঘর পাচ্ছেন শেফালী রানী।
আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে শেফালী রানীর ঘরের আঙ্গিনায় গিয়ে প্রতিমন্ত্রী এনামুর রহমান আনুষ্ঠানিকভাবে ৪ শতাংশ জমির দলিল ও বাড়ির বরাদ্দের দলিল হস্তান্তর করেন। সোলার সিস্টেম, বর্জ্য নিরোধক ব্যবস্থাপনা, দুর্যোগ সহনীয় বাড়ি পাচ্ছেন শেফালী। দূর্যোগ সহনীয় প্রচলিত বাড়ির নকশার বাইরে অতিরিক্ত আরোও একটি কক্ষ পাচ্ছেন তিনি।
প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, বিবিসি বাংলার একটি প্রতিবেদনের মাধ্যমে সংগ্রামী এই নারীর জীবনধারণের সম্পর্কে জানতে পারেন তিনি। তখনই তিনি সিদ্ধান্ত নেন পরিশ্রমী আর সাহসী এই নারীর পাশে দাঁড়ানোর। শেফালীর স্বপ্ন তার একটি ঘর হবে। সেই স্বপ্ন পূরণ করতে আজ আমি শেফালী রানীর আঙ্গিনায় এসেছি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বাড়ির জমি ও বাড়ি তৈরী করে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব উত্থাপন করেন। আর সে প্রস্তাবেই টি আর এবং কাবিখার অর্থ দিয়ে দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণের প্রকল্পের অংশ হিসেবে শেফালী পাচ্ছেন ঘর। তবে বাধা হয়ে দাঁড়ায় নিয়ম, এ প্রকল্পের সুবিধাভোগীর নিজ নামে ঘর করার মতো ন্যূনতম জমি থাকতে হবে, শেফালীর তা নেই।
প্রতিমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেন প্রয়োজনে শেফালী রানী শীলকে নিজে জায়গা কিনে দিয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে সেখানে ঘর নির্মাণ করে দেব। পরবর্তীতে মন্ত্রীর পরিকল্পনা শুনে এগিয়ে আসেন জেলা প্রশাসক। শেফালী রানীর বর্তমানে বসবাসরত ৪ শতাংশ জায়গা বন্দোবস্ত দেন জেলা প্রশাসক।
