মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফেরার খবর পেয়ে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাঈমুজ্জামান নাঈম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে। তিনি সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি গোপনে নিজ বাড়িতে ফেরেন। বিষয়টি জানতে পেরে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার তিনি বাড়িতে ফেরেন। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
২৯ সেপ্টেম্বর ২০২৬
