মনির মোল্যা : নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে বিনামুল্যে কৃষকের মাঝে বীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কৃষি গবেষক, সমাজ সেবক, সংসদ উপনেতা পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বদরুদ্দোজা শুভ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, সরকারি এম এন একাডেমী মডেল স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, নগরকান্দাকে কৃষিতে এমন উন্নয়ন করতে চাই যেন সারা বাংলাদেশে এই উপজেলা কৃষি উন্নয়নে মডেল হতে পারে। এ সময় তিনি আরো বলেন, আমার মা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী নগরকান্দা এবং সালথার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। এলাকার বিভিন্ন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি পড়া লেখা ও খেলাধুলায় সব প্রতিষ্ঠানকে এগিয়ে নেবার প্রত্যয় ব্যাক্ত করেন এ সময়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এর মাধ্যমে ৫৬৭ জন কৃষকের মাঝে ৪ লাখ টাকা মুল্যের বোরো ধান, মুগ ডাল ও পাট বীজ এবং ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
