
রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকার কবরস্থানের পাশে আশ্রয়ন প্রকল্পের জন্য ড্রেজারে বালি ফেলার কারনে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার পর রাত ৯টার দিকে ওই এলাকায় নিচু জমিতে ড্রেজার দিয়ে নদী থেকে বালু ফেলার পর সেখানে জমে থাকা পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিশু মো: রিয়াদুল (৭) শরীফবাগ উত্তর-পশ্চিম পাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে। সে শরিফবাগ প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। নিহত অপর শিশু মো. রাজু (৮) একই এলাকার মো. রুবেলের ছেলে। সে শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয় রিয়াদুল ও রাজু। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাঁদের খুঁজতে থাকে। পরে তারা স্থানীয়দের নিয়ে বাড়ির কাছে আশ্রয়ন প্রকল্পের জমির বালুর বাঁধের চারপাশে খুঁজতে থাকেন। এসময় স্থানীয় এক শিশু জানায় ওই জমির বাঁধের উপর খেলার পর নিচু অংশে জমে থাকা পানিতে রিয়াদুল ও রাজুকে দেখেছে সে। এ তথ্যের উপর ভিত্তি করে রিয়াদুল ও রাজুর পরিবারের সদস্য ও স্থানীয়রা পানিতে নেমে খুজতে থাকেন। পরে তাঁরা সেখান থেকে রাতে ৯ টার দিকে ডুবন্ত অবস্থায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, শরীফবাগ এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য কাজ চলছে। এজন্য ড্রেজার দিয়ে মাটি খোড়ায় সেখানে গর্ত তৈরি হয়েছে। সেখানে বিকেল বেলা দুই শিশু খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি নিচু একটি জমি ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছিলো। ওই জমির চারপাশে উঁচু করে দেয়া বালুর বাঁধে খেলার কোন একসময় মাঝখানে জমে থাকা পানিতে ডুবে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
