
শেষ হয়েও হইলো না শেষ, অতীতের আলোতেই নয়াবর্ষ ২০২৩
বিদায় রাগিনী বাজিয়ে অন্তিম লগ্নে পৌঁছালো আরো একটি বর্ষ । ৩১ ডিসেম্বর রাত ১২ বাজার সঙ্গে সঙ্গেই মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ব। সম্মিলিত সুরে বলে উঠে “হ্যাপি নিউ ইয়ার”। প্রতীক্ষিত রাত বারোটা পর্যন্ত জেগে থাকা মানুষেরা শুরু করে নতুন এক অভিযাত্রা, একঝাঁক স্বপ্নবাজ জড়ো হয় নতুন রূপান্তরের তাগিদে । বেজে ওঠে ইংরেজি নববর্ষের আগমনী গান।
বিদায়ী বছরের বিষন্নতা অপূর্ণতা, হতাশা ,আক্ষেপ আর দুঃখ যেন নিমিষেই পরিণত হয় মহাআনন্দে। অনেক পরিকল্পনা, হাজারটা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে শুরু হয় নতুন বছরের সূচনা, নতুন করে পথচলা। নববর্ষের স্পর্শে যেন পুরনো বছরের সকল অপূর্ণতা নিমিষেই পূর্ণতা লাভ করে।
অজান্তেই মনের ভিতর বেজে ওঠে গুনগুনিয়ে গান আর চলে নতুন বছরকে বরণ করে নেওয়ার নানান প্রস্তুতি। সত্য, ন্যায় আর নিষ্ঠার প্রত্যয়ে শুরু হয় নতুন দিন। ঘড়ির কাটায় যখন ঠিক বারোটা,চারদিকে আতশবাজি তখনই চারপাশ আলোয় আলোকিত হয়ে ওঠে।সে আলোয় আলোকিত হয়ে ওঠে এ বিশ্বধরা ।সে আলোয় অসুন্দর হয়ে যায় সুন্দর, শিল্পকলা ।
খুনসুটি আড্ডা , গানের কলি , কবিতা আর সম্মিলিত গানের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে চারপাশ । মনে যেন অপূর্ণতায় থেকে যাবে নতুনকে নতুন রূপে বরণ না জানালে। তাইতো নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় এ ইংরেজি নতুন বর্ষকে। প্রতি বছরের ন্যায় মানব সভ্যতার সাংস্কৃতি ঐতিহ্যের ধারায় এ বর্ষবরণ আমাদের মাঝে প্রকাশ ঘটায় এ আবেগের।
বর্ষবরণের এই মাহেন্দ্রক্ষণে প্রতিশ্রুতি নিচ্ছি, শিক্ষা ,সাহিত্য সংস্কৃতি, মা, মাটি ও দেশের অবদানে থেকে যাবে তারাও স্মৃতিপটে, হারিয়েছি যাদের ২০২২ এ। লেখক কাজী আনোয়ার হোসেন, সাংবাদিক পীর হাবিবুর রহমান, কবি কাজী রোজী, কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, প্রাবন্ধিক আকবর আলী খান, শিশু সাহিত্যিক আলী ইমামসহ আরো অনেক বরেণ্যজন।হারিয়েছি২০২১এ কথাশিল্পী হাসান আজিজুল হক, বুলবুল চৌধুরী ,রাবেয়া খাতুন, বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ,বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও সভাপতি সামসুজ্জামান খান, বাংলা একাডেমীর মহাপরিচালক কাজী হাবিবুল্লাহ সিরাজী সহ দেশবরেণ্যদের ।
অতীতের আলোতেই এ বর্তমান মা, মাটি ও দেশের অবদানে তারা থাকবে চির অম্লান। নতুন বর্ষে সৃষ্টি হোক কবি ,সাহিত্যিক, প্রাবন্ধিক, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ,ইঞ্জিনিয়ার, সর্বোপরি একজন ভালো মানুষ । দেশের সুনাম ছড়িয়ে যাক সারা বিশ্বে।
নতুন বছরের এক একটি দিন হোক প্রদীপের মতো আলোক উজ্জ্বল। সে আলোকে ভরে যাক মন-প্রাণ, খাতার ধূসর সাদা খসখসে পাতা, পৃথিবী ও স্বপ্নলোক। সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা “শুভ নববর্ষ”।
প্রতিবেদক
কুমার সপ্তর্ষি রায়
ধামরাই,ঢাকা।
