রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে মো. শামীম (২১) নামের এক যুবকের হাত পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈইর এলাকায় জাহানারা বেগমের বাসা থেকে ধামরাই থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় শামীমের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত মো. শামীম নেত্রকোনা সদরের আব্দুল গফুরের ছেলে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের মালিকানাধীন এস এস এগ্রো কমপ্লেক্স লিমিটেডের গরুর খামারে বছরখানেক যাবৎ কাজ করতেন শামীম।
ধামরাই থানা পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ধামরাই থানা পুলিশকে বড়াকৈইর এলাকায় জাহানারা বেগমের বাড়িতে এক যুবকের মরদেহের খবর জানান। পুলিশ বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। শামীমের হাত ও পা প্লাস্টিকের ফিতা দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে হত্যার পরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরোও জানায়, তিনমাস আগে নিজ জেলায় বিয়ে করেন শামীম। এরপর ওই ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। তবে শামীমের সঙ্গে বনিবনা না হওয়ায় সপ্তাহখানেক আগে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল মন্ডল বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতের কোন একসময় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
