ঢাকার ধামরাইয়ে দেশ টিভি ধামরাই প্রতিনিধি বর্ষীয়ান সাংবাদিক দীপক চন্দ্র পালের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সম্পত্তি জবরদখলকারীদের বিরুদ্ধে এক অনুসন্ধানী প্রতিবেদন চালানোর সময় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।
১৫ জানুয়ারি ধামরাই পৌর এলাকার পূর্ব কায়েত পাড়ায় সন্ত্রাসী ভূমিদস্যু উত্তম গাংগুলি পরিবারের সদস্যদের নিয়ে বিমল নামের এক ব্যক্তি তার বাড়ির পাশে শ্যামলের বাড়ি দখলসহ জোর করে বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করে মর্মে খবর পেয়ে দেশ টিভি প্রতিনিধি তথ্য সংগ্রহে ঘটনাস্থলে যান। এসময় সন্ত্রাসীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, অকথ্য গালি গালাজ করে তার সাথে থাকা ক্যামেরার মেমোরি কার্ড, মোবাইল সেট এবং মানিব্যাগে টাকা টাকা লুট করে।
পরে সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে সৌরভ নামের একজনকে গ্রেফতার করলেও কম বয়সের অজুহাতে স্থানীয় প্রভাবশালীদের অনুরোধে প্রয়োজনে হাজির থাকার লিখিত অংগীকার নিয়ে পুলিশ ছেড়ে দেয়। এ বিষয়টিও স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চার করেছে।
হামলার শিকার সাংবাদিক দীপক চন্দ্র পাল গত ১৭ জানুয়ারি, ২০১৯ ইং তারিখে ধামরাই থানায় সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে- উত্তম গাংগুলি (৪৫), পিতা মৃত বানছু গাংগুলি, বিমল মন্ডল (৩৫), পিতা মৃত কালিদাস মন্ডল, সুসময় গাংগুলি (২৫), পিতা মন্টু গাংগুলি, পটল গাংগুলি (১৮), পিতা উত্তম গাংগুলি, সর্ব সাং- পূর্ব কায়েত পাড়া, পৌরসভা ২নং ওয়ার্ড, ধামরাই দের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন (ধামরাই থানার ডায়েরি নং ৬৮১/১৭.০১.২০১৯ ইং)।
অর্পিত সম্পত্তি দখলের মূল ভুক্তভোগী শ্যামল ও মিতু গণমাধ্যমকে জানায়, নিরাপত্তার জন্য একই দাগে একই ঘরের তলে তার দুই ভাইয়ের সাথে আরো দুই সহ চার শতাংশ জমি যেন তার নামে লিজ দেয় প্রশাসন।
তারা আরও জানায়, বহিরাগতদের অত্যাচার থেকে শান্তিতে বসবাস করতে যাতে পারে এজন্য তারা দুই মাস পূর্বে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের কাছে আবেদন করলেও তিনি আজও পর্যন্ত এব্যাপারে কোনো ব্যবস্থা নেন নাই। এরই ফলে স্থানীয় ভূমিদস্যুরা তাদের জমি দখল সহ জোর করে সীমানা প্রাচীর বানাবার সাহস পেলো।
সাংবাদিক দীপক চন্দ্র পাল অভিযোগ করেন, ইউএনও’র নিরব থাকার কারণেই এত বড় ঘটনার সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানকেও লিখিত অভিযোগ দেয়া হয়েছিলো।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এব্যাপারে জানান, হামলাকারীরা ধরা পড়া সহ লুন্ঠিত মালামালও উদ্ধার হবে। আর যদি কেউ সরকারি সম্পত্তিতে অবৈধ দখল করে, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এমন স্পর্শকাতর ঘটনায় প্রশাসন তদন্ত করে দ্রুত সঠিক ব্যবস্থা নেবেন এমনটাই আশা করেন স্থানীয় সচেতনমহল।
