ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিধর দেশ ইতালী। দেশটির ব্যবসায়িক কর্মকান্ডের সাথে জড়িত সকল শ্রেণীর উদ্যোক্তাদের নিয়ে গঠিত সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সংগঠন কোনফ্ কর্মেচো বা কমার্শিয়াল কনফেডারেশন তার প্রতিষ্ঠার ৮০ বছর পূর্ণ করল। এ উপলক্ষে রাজধানী রোমের সিটি কর্পোরেশনের অভিজাত ও ঐতিহ্যবাহী মিলনায়তনে প্রতিবেদন মূলক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গুরুত্ব ও তাৎপর্য তথা এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
আয়োজনে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মুক্তার হোসেন একমাত্র আমন্ত্রিত বাংলাদেশী হিসেবে যোগদান করেন। অংশগ্রহণ করেন ভারত ও চায়না’র প্রতিনিধিরাও ।
আলোচকরা বলেন, বাণিজ্যিক সম্প্রসারণবাদের এই যুগে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতি শক্তিশালী করতে ব্যবসায়িক কর্মকান্ডের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে সকল প্রকার উদ্যোক্তাদের কার্যক্রম প্রসংশনীয় বলে মনে করেন তারা। পাশাপাশি ভবিষ্যতে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। ইতালির রাষ্ট্রীয় ও রাজধানী রোমের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ের নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করে।
