
বাংলাদেশ দূতাবাস এর সহায়তায় ইতালি প্রবাসী নিখোঁজ পুত্রকে তিন বছর পরে খুঁজে পেলেন মা প্রবাসী বাংলাদেশী জোবায়ের আলম থাকতেন সিসিলির কাতানিয়া এলাকায়। ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে আসার পরদিন থেকেই পরিবারের সাথে আর কোন যোগাযোগ ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিল বন্ধ। পরিচিত কেউই জানতেন না তার খোঁজ। নিরুপায় হয়ে তার মা ২০২০ সালের মার্চ মাসে আবেদন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। দীর্ঘ এক বছরেরও বেশী সময় ধরে দূতাবাসের নিরলস প্রচেষ্টায় খোঁজ পাওয়া যায় নিখোঁজ জোবায়ের আলমকে।
গত ২৬ জুলাই ২০২১ দূতাবাসের কাউন্সিলর (শ্রমকল্যাণ) মোঃ এরফানুল হক এবং কল্যাণ সহকারী ইফতেখারুল আলম সিসিলি দ্বীপের মেসিনার Bercellona Pozzo di Gotto-তে অবস্থিত Casa di Solidarieta e di Accoglienza-তে উপস্থিত হয়ে ভিডিও কলে যোগাযোগ করে দেন জোবায়েরের মা-বাবার সাথে।
এ দীর্ঘ সময়ে জোবায়ের কারাগারে এবং হাসপাতালে ছিলেন এবং পরিবারের সাথে যোগাযোগের মত অবস্থায় ছিলেন না। দীর্ঘ প্রায় তিন বছর পর ছেলে জীবিত আছে জানতে পেরে এবং ভিডিও কলে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হন দুশ্চিন্তাগ্রস্ত মা এবং দূতাবাসের প্রচেষ্টার উচ্ছসিত প্রশংসা করেন জোবায়েরের মা-বাবা। নিখোঁজ ছেলেকে খোঁজে পেয়ে পরিবারটি আন্তরিক সহযোগিতার জন্য কাতানিয়ার অনারারী কনসাল Mr. Vanadia এবং কাতানিয়া কম্যূনের কনসূলতা দি ইমিগ্রান্তি মিজ্ সোনিয়া আলম সহ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

