• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির মিলান কনস্যুলেটে সাংবাদিক পরিবারের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ

জুন 15, 2021
ভুক্তভোগী মো. সোহেল আলম মজুমদার শিপন সহ দুই সন্তান
ভুক্তভোগী মো. সোহেল আলম মজুমদার শিপন সহ দুই সন্তান

ইতালির মিলান কনস্যুলেট অফিসের দুর্নীতির সংবাদ প্রকাশ করলে আটকে দেয়া হয়েছে দুই শিশুসহ সাংবাদিকের পাসপোর্ট । ইতালির মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে একই পরিবারের দুই শিশুসহ তিনজনের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। ১০ মাস আগে কনস্যুলেট অফিসে নবায়ন করার জন্য পাসপোর্ট তিনটি জমা দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে পাসপোর্ট নবায়নের জন্য আবেদনকারী ভুক্তভোগী মো. সোহেল আলম মজুমদার শিপন জানান, গত বছরের ১২ আগস্ট আমার নিজের এবং দুই শিশুসন্তান সানজা মজুমদার ও শাবিব মজুমদারের পাসপোর্ট নবায়ন করতে কনস্যুলেট অফিসে আবেদন করি। ১০ মাস হয়ে গেলেও তারা এখন পর্যন্ত পাসপোর্ট নবায়ন করেননি। আবেদন করা পাসপোর্টগুলোর সিরিয়াল নম্বর আইটিএ ৭৪৭৫৫, ৭৪৭৫৬ ও ৭৪৭৫৭।

জানা গেছে, গত বছরের ২২ আগস্ট মিলানে অবস্থিত বাংলাদেশের একমাত্র কনস্যুলেট অফিসের দুর্নীতির সংবাদ প্রকাশ করে অনলাইন পোর্টাল ‘দেশপ্রিয় নিউজ’। ওই পোর্টালের সম্পাদক ও প্রকাশক সোহেল আলম মজুমদার শিপন।

সংবাদ প্রকাশের জেরেই তার এবং পরিবারের সদস্যদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন শিপনসহ স্থানীয় আরও অনেক প্রবাসী।

শিপন বলেন, গত বছর ২২ আগস্ট সংবাদটি প্রকাশের পর ইতালি ও মিলান আওয়ামী লীগের দুই নেতা সংবাদটি মুছে ফেলতে অনুরোধ জানান এবং বিভিন্ন প্রলোভনও দেখান। এর পরও সংবাদটি সরিয়ে না নেওয়ার কারণে প্রতিশোধ নিতে আমাদের পাসপোর্ট সময়মতো নবায়ন না করে হয়রানি করা হচ্ছে। এর জন্য খোদ মিলান কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদকে দায়ী করেন তিনি।

শিপন আরও বলেন, পাসপোর্ট নবায়ন না করার কারণ জানতে ইতোমধ্যে মিলান কনস্যুলেট অফিসের ইমেইলে বার্তা পাঠিয়েছি। কিন্তু কোনো জবাব আসেনি। পাসপোর্ট নবায়ন না হওয়ার কোনো কারণও জানাননি তারা।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মিলান লম্বারদিয়া আওয়ামী লীগের এক নেতা বলেন, পাসপোর্ট আটকে রাখার কথা শুনেছি। আমি মনে করি, কারও বিরুদ্ধে যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজের সংশ্লিষ্টতা না পাওয়া যায়, তা হলে তার পাসপোর্ট আটকে রাখা যায় না।

এ ব্যাপারে জানতে মিলান কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রবাসী সাংবাদিক মো. সোহেল আলম মজুমদার শিপন ২০০৩ সালে কুমিল্লা দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments