• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বেতনের দাবিতে বিক্ষোভ, কর্তৃপক্ষের হামলায় আহত ১০ শ্রমিক

নভে. 16, 2020


রাজিউল হাসান পলাশ :ঢাকা জেলার ধামরাইয়ে ওডিসি ক্রাফট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালনকালে কর্তৃপক্ষের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় কারখানাটির ভেতরে প্রায় ১ হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে।

শ্রমিকরা জানান, চলতি মাসের বেতন গতকাল ১৫ নভেম্বর দেয়ার কথা ছিল। তারপরেও একদিন পেরিয়ে গেলেও আজ ফের বেতনের দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষের লোকজন তেড়ে এসে তাদের ওপর হামলা চালায়। এসময় তাদেরকে হ্যাঙ্গার, চেয়ার দিয়ে আঘাত ও কিলঘুসি মারে। এতে প্রায় ১০-১৫ জন শ্রমিক আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির এক অপারেটর বলেন, গত ১৫ তারিখ বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। তা না দিয়ে আজকে দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। আজ এসে বেতনের কথা বললে তারা জানায় ২৫ তারিখ দেয়া হবে। একারণে আমরা কর্মবিরতি শুরু করি। এসময় কারখানার স্টাফরা এসে আমাদের সেখান থেকে সরিয়ে দিতে যায়। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়।

কারখানার আরেক শ্রমিক বলেন, এক বছর ধরে এখানে কাজ করছি। প্রায় সবমাসেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেতন দেয় কর্তৃপক্ষ। এমাসেও দুইবার ঘুরালে আমরা প্রতিবাদ জানাই। এরপর কারখানার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে তারা হ্যাঙ্গার, চেয়ার দিয়ে আঘাত ও কিল ঘুষি মারতে থাকে। পরে আমরা কারখানার সামনে বিক্ষোভ করি।

শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন ওডিসি ক্রাফট লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। তবে মালিকপক্ষ জানিয়েছে তাদের একটি ব্যাংক সংক্রান্ত অডিট রয়েছে একারণে অর্থ ছাড়ে দেরি হওয়ায় বেতন দিতে পারেননি। আগামী সপ্তাহে এই অডিট শেষ হলেই বেতন পরিশোধ করা হবে।

এ প্রসঙ্গে সাভারের শিল্পাঞ্চল পুলিশের এএসপি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালিকপক্ষের ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে। তবে মারধরের বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে ওডিসি ক্রাফট লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার আমিনুর রহমান আমিন বলেন, আমরা প্রতিমাসেই বেতন পরিশোধ করি। এমাসে অডিট কাজের জন্যে দেরি হচ্ছে। তবে আমরা আগামী সপ্তাহেই বেতন পরিশোধ করব।

মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে কিছু বলিনি। তারা নিজেরা নিজেরাই এমন করেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments