
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী। শরীরে জ্বর নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী সবারই মনে আতংক ডেঙ্গুর। তবে হাসপাতালে ডেঙ্গুর নির্ধারিত ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে না। সাধারণ ওয়ার্ডে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা এ নিয়ে আতঙ্কে রয়েছেন চিকিৎসা নিতে আসা সকল রোগী ও তাদের স্বজনেরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড লিখা সাইনবোর্ড থাকলেও সেই ওয়ার্ডে রয়েছে ভাঙ্গা আসবাবপত্র এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র। সাধারণ ওয়ার্ডেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর। ধামরাই উপজেলার আশুলিয়া গ্রামের কামাল হোসেন (৫৫), দেপাশাই গ্রামের রিনা (২৩), কালামপুর এলাকার রংমালা (৩৫) সহ পাঁচজন ডেঙ্গু রোগী গত ২৪ তারিখ হতে এখানে চিকিৎসাধীন রয়েছেন।
ছোঁয়াচে না হলেও এডিস মশার মাধ্যমে আক্রান্ত রোগীর কাছ থেকে ডেঙ্গু ছড়িয়ে যায় অন্যের শরীরে। তাই হাসপাতালে থাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্তদের মশারি ব্যবহারে সচেতনতার পাশাপাশি বিশেষ ওয়ার্ডে চিকিৎসা দেবার অনুরোধ জানিয়েছেন সাধারণ রোগীরা। ডেঙ্গুর প্রকোপ অন্যদের মধ্যেও যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আক্রান্তদের বিশেষ ওয়ার্ডে স্থানান্তরের আহ্বান সাধারণ রোগীদের।
