• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে সংকট কাটিয়ে সরকার গঠন

জুন 2, 2018

কমরেড খোন্দকার: ইতালিতে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট দেখার দেয়ার চার দিনের মাথায় নতুন জোট সরকার গঠিত হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী গুইসেপ কন্টের মন্ত্রিসভার সদস্যদের নাম অনুমোদন দেন দেশটির  প্রেসিডেন্ট সার্জিও মাত্তারিল্লা। ফাইভ স্টার মুভমেন্ট ও ডানপন্থি লেগা নর্দ দলের জোটে এই নতুন সরকার গঠিত হলো।

গত ৪ মার্চ ইতালিতে অনুষ্ঠিত নির্বাচনে নির্দিষ্ট কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। নির্বাচনে ফাইভ স্টার মুভমেন্ট পায় ৩২ শতাংশ ভোট। লেগা নর্দ পায় ১৮ শতাংশ ভোট। এই দুই দলের জোট কন্টেকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হয়ে গত ২৮ মে প্রথম দফায় মন্ত্রিসভার নাম প্রস্তাব করলে সেখানে থাকা অর্থমন্ত্রীর নাম নিয়ে আপত্তি তুলেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারিল্লা।

৩১ মে নতুন মন্ত্রিসভার তালিকা নিয়ে গেলে তা অনুমোদন করেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারিল্লা। দ্বিতীয় দফায় অর্থমন্ত্রীর পদে জিওভানি ত্রিয়ার নাম প্রস্তাব করা হলে মেনে নেন তিনি।

আইনের অধ্যাপক গুইসেপ কন্টের নেতৃত্বে নতুন পপুলিষ্ট সরকার ক্ষমতা নিয়েছেন। নতুন সরকারের শিল্প ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ফাইভ স্টার মুভমেন্ট দলের নেতা লুইজি ডি মাইয়ো। এছাড়া লেগা নর্দ দলের নেতা মাথেও সালভিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বতন্ত্র মন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এনজো মোয়াভেরো মিলানেসি।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ফাইভ স্টার নেতা এলিজাবেত্তা ট্রেন্টা।

ফাইভ স্টার মুভমেন্ট দলের নেতা লুইজি ডি মাইয়ো এবং লেগা নর্দ নেতা মাথেও সালভিনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ফাইভ স্টার-লেগা নর্দ সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট সার্জিও মাত্তারিল্লার দেয়া সব শর্ত পূরণ করেছে। প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে ক্ষমতা গ্রহণের পর বলেন, সরকার গঠনের চুক্তিতে এরইমধ্যে দেওয়া রাজনৈতিক অঙ্গীকার অনুধাবনে আমরা নিবিড়ভাবে কাজ করে যাবো।

লেগা নর্দ দলের নেতা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাথেও সালভিনি ইতিমধ্যেই ইতালিতে বসবাসরত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাডিয়ে দেয়ার ঘোষণা দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.