• বুধ. নভে. ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ

নভে. 18, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ব্যাংকটির শাখা ভবনে রাতে দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে নিচ তলায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। এরপর মোটরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন তাঁরা। এতে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, ‘রাতে আমি নিজের কক্ষে শুয়ে ছিলাম। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হই। সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৮ নভেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.