মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলাউপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবেরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ এবং সংঘর্ষ এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
২৯ অক্টোবর ২০২৬
