মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির।
এ সময় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় সবুজায়ন বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার নিয়মিত পরিচর্যারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে রোপণ করা চারাগুলোর সুষ্ঠু পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।
৩ আগষ্ট ২০২৬
