• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

জানু. 23, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় কিষাণহাটে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে মো. আরিফ শেখ (৩৯) নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী।  পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তরের পর বিশেষ আইনে প্রতারণামূলক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর সেনা ক্যাম্প। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং দৈনিক ঘোষণা সংবাদপত্রের প্রতিনিধি পরিচয় দেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

সেনাবাহিনী জানায়, কিষাণহাট এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে। এমন খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে নিজেকে ‘দৈনিক ঘোষণা’ সংবাদপত্রের সাংবাদিক হিসেবে দাবি করে এবং ভুয়া পরিচয়ে সাধারন জনগণকে হেনস্তার  অভিযোগ স্বীকার করে।
আটক আসামিকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেয়ার অপরাধে বিশেষ ধারায় প্রতারণা মামলা নেয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে মো. জহির মোল্যা (৪১) নামে আরও একজন ভূয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভূয়া সাংবাদিক পরিচয়ধারী জহির মোল্যা ও আরিফ শেখ ফরিদপুরের একটি ভূঁইফোড় সংগঠনের সদস্য বলে জানা যায়।

২৩ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.