
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি, তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি নেব না।”
তিনি বলেন, “আমার বাবার নাম আমি নষ্ট হতে দেব না। বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি কোনো বদনাম হতে দেব না। ধানের শীষ অত্যন্ত পবিত্র প্রতীক। এই প্রতীকের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।”
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আপসহীন জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি সালথায় এসে জনসভা করে উপজেলা ঘোষণার ঘোষণা দেন। পরে আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ গঠিত হয়। ফলে আজ সালথাবাসী জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছেন। এজন্য আমরা সবাই দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী।”
তিনি আরও বলেন, “আমার বাবা সালথা ও নগরকান্দার মানুষ ছাড়া কিছু বুঝতেন না। তাঁর অবর্তমানে যেন আমি এই এলাকার মানুষের পাশে থাকতে পারি—সেই দোয়া আপনারা করবেন। আমার ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা, যেখানে স্বল্পমূল্যে দরিদ্র মানুষ চিকিৎসা পাবে। পাশাপাশি শিক্ষাখাত ঢেলে সাজানো হবে এবং যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
