• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

এপ্রিল 10, 2025

মনির মোল্যা, (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীগামী পরিবহন গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ৩টার দিকে বোয়ালমারী পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগী সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি মহব্বত জান চৌধুরীসহ ক্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, ঢাকাগামী এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারী কাউন্টারে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসময় ভাড়া তালিকা না থাকা ও ভোক্তা অধিকার আইনে  আদালত গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান জানান, স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা। ঈদ উপলক্ষে টিকিট প্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তার কারন বোয়ালমারী থেকে প্রতিটি টিপ যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ী নিয়ে। যে কারণে যাত্রীদের নিবিড় সেবা দেওয়ার লক্ষ্যে পরিবহন কর্তৃপক্ষ কেন্দ্র থেকে ১০০ টাকা ভাড়া বেশি নির্ধারণ করে দিয়েছে। আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করে থাকি।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

১০ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.