
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের বসতবাড়ি। শনিবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ছয়আনী গ্রামের কৃষক মো. নুরু সেখের (৪৫) বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক পরিবার। এখন খোলা আকাশের নিচে তাদের বসবাস।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, শনিবার বিকেলে নুরু সেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে সেই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভান। ততক্ষণে বসতঘরসহ ঘরে থাকা আসবাপত্র, ৩০ মণ পাট ও নগদ ৭০ হাজার টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক পরিবার।
প্রতিবেশীরা জানান, নুরু সেখ একজন কৃষক। আজ তার সারাজীবনের কস্টে অর্জিত সম্পদ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেল। এখন তিনি খোলা আকাশের নীচে রয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন আর রশিদ বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই কৃষকের বসতঘর, আসবাবপত্র, পাট ও নগদ টাকা পুড়ে চাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে রান্নাঘর থেকে এ আগুনের সুত্রপাত ঘটে।
০৫ নভেম্বর ২০২৩
