
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দীন মোহাম্মদ তালুকদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীন মোহাম্মদ তালুকদার ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের মোঃ আব্দুল রাজ্জাক তালুকদারের ছেলে।
পিবিআই এর তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পিবিআই এর কর্মকর্তা এস আই সালেহ ইমরান।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, মহাসড়কের আইল্যান্ড টপকিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ওই যুবককে চাপা দিলে তার দেহের নিচের অংশ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিবিআই এর তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ঘাতক গাড়িটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
