
রাজিউল হাসান পলাশ :ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে ধামরাই বাজার ও বাইপাস দিয়ে চলে যাওয়া আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও বর্ধন কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। বিভিন্ন স্থানে রাস্তা খুঁড়ে রাখায় ঝুঁকিতে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। এছাড়া বাইপাস রাস্তাটি সংস্কার কাজের কারণে বন্ধ থাকায় ধামরাই বাজার রোডে জ্যামের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ধামরাই বাইপাস সড়কের বিজয় নগর এলাকার টাংগাইল রেসিডেনসিয়াল স্কুল হতে সীমা রাইস মিল পর্যন্ত সড়কে ভয়ংকর ভাবে মাটি খুড়ে রেখেছে দীর্ঘদিন ধরে। এতে বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে আছে। ঝড় বা বৃষ্টির মত প্রাকৃতিক দুর্যোগে যে কোন সময় খুঁটিগুলো হেলে পড়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। খুঁটি গুলিতে কোনরকম ঠেকা দেয়া হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল হাসান মারুফ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণও দিয়েছি। তারাও কাজ করছে সমন্বয় করে। অতি দ্রুত সময়ের মধ্যে সেসব কাজ শেষ হয়ে যাবে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ ধামরাই জোনাল অফিসের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাউদ্দীন জোয়ার্দার বলেন, টাংগাইল রেসিডেনসিয়াল স্কুল হতে সীমা রাইস মিল পর্যন্ত সড়কে ভয়ংকর ভাবে মাটি খুড়ে রেখেছে। আমি সওজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে দ্রুত বালি ভরাট করবে। কিন্তু তারা বালি ভরাট করছে না। বৃষ্টি হলে লাইন পড়ে যাবে নিশ্চিৎ। ঠিকাদার গাফিলতি করছে।
