• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২০ পালন

আগস্ট 15, 2020

বাংলাদেশ দূতাবাস, ইতালি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ২০২০ পালন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সকালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব আবদুস সোবহান সিকদার দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ।
সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধুর গৌরবময় জীবনের ওপর নির্মিত ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
বাণী পাঠের পর আলোচনা সভায় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তাঁর বক্তব্যের শুরুতে ১৫ আগস্টে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যসহ যাঁরা শাহাদত বরণ করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বাঙালি জাতিকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি প্রদানে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একইসূত্রে গাঁথা।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবায়ন করে একটি সুখী-সমৃদ্ধ দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই আরাধ্য কাজে সকল দেশপ্রেমিক জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান মান্যবর রাষ্ট্রদূত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মো: ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
১৫ আগস্ট ১৯৭৫ তারিখে বঙ্গবন্ধুসহ শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.