
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভায় করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে ভিটামিন সি যুক্ত খাবার পাঠিয়েছেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম কবির।
সোমবার সকালে ধামরাই থানার ৮ পুলিশ সদস্য, সাংবাদিক দম্পতিসহ ৫০ জন রোগীর বাসায় তিনি এসব খাবার পৌঁছিয়ে দেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত ধামরাই উপজেলায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৬২ জনের। এর মধ্যে সোমবার ধামরাই থানার সাত পুলিশ সদস্যসহ ২৩ জন, রোববার ৩ জন, শনিবার ৩৫ জন এবং শুক্রবার ১১ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সাংবাদিক দম্পতি, ব্যাংকার, পুলিশ, স্বাস্থ্যকর্মী, পোশাককর্মী ও ব্যবসায়ী রয়েছেন। পুরো উপজেলার মধ্যে ধামরাই পৌরসভায় অধিকাংশ রোগী রয়েছে বলে জানা যায়।
পৌর মেয়র গোলাম কবির সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসকে আমরা ঘৃণা করি এর থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে ঘৃণা নয়। তাদেরকে আন্তরিকতা ও ভালবাসার মাধ্যমে সাহস শক্তি দিয়ে সুস্থ করে তুলতে হবে।
ধামরাইয়ে করোনা রোগীদের বাড়িতে খাবার পাঠালেন মেয়র
