• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে অবৈধ অভিবাসী শ্রমিকদের জন্য নতুন করে আবারো সুসংবাদ

মে 15, 2020

মাঈনুল ইসলাম নাসিম: মন্ত্রীসভার বৈঠকে গত বুধবার যে দু’টি ক্যাটাগরিতে কাগজপত্র বিহীন অভিবাসী শ্রমিকদের বৈধতা দেয়ার অধ্যাদেশ অনুমোদন হয় তার প্রথমটিতে বিশেষ কিছু ইতিবাচক সংশোধনী এনে আরোপিত শর্তাবলীর ব্যাখ্যা দেয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক যেসব অবৈধ অভিবাসী চলতি বছরের ৮ মার্চের আগে ইতালিতে অবস্থান করে যে কোন সরকারি দপ্তরে ফটো ও ফিংগার প্রিন্ট দিয়েছেন এবং ৮ মার্চের পর ইতালি ছেড়ে যাননি তাঁদের জন্য বৈধতার আবেদনপত্র জমা দেয়া যাবে।

এক্ষেত্রে যে কোন কৃষিখামার, মাছের খামার, গবাদিপশুর খামার মালিক কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজের মালিকরা ৪০০ ইউরো সরকারি ট্যাক্স জমা দিয়ে উপরোক্ত যোগ্যতা সম্পন্ন যে কোন অবৈধ বিদেশি নাগরিককে নিজের শ্রমিক হিসেবে কাগজপত্রে ঘোষণা দিয়ে ১ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করবেন। কাজের কন্ট্রাক্ট যতো মাসের করা হবে স্টে পারমিট ততো সময়ের জন্য দেয়া হবে। শুধু ইতালিয়ান নাগরিকরাই নয়, পারমানেন্ট স্টে পারমিটধারী অভিবাসীরাও নিজে মালিক হিসেবে উপরোক্ত ক্যাটাগরিতে অবৈধ অভিবাসীর জন্য আবেদন কর‍তে পারবেন।

অন্যদিকে ৮ মার্চের আগে ফিংগার প্রিন্ট থাকা সত্ত্বেও যেসব অভিবাসী নাগরিক ইতালির পেনাল কোর্টে সাজাপ্রাপ্ত হয়েছেন কিংবা যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, অনুমোদিত অধ্যাদেশ মোতাবেক তারা কোনভাবেই এযাত্রায় সুযোগ পাবেন না বৈধতার আবেদনের। একইভাবে যেসব মালিক গত ৫ বছরে ইতালির পেনাল কোর্টে সাজাপ্রাপ্ত হয়েছেন অথবা মানবপাচার কিংবা অবৈধ পতিতাবৃত্তি নিয়ন্ত্রণের অভিযোগে অভিযুক্ত তারাও মালিক হিসেবে কোন অভিবাসী শ্রমিকের বৈধতার আবেদন করতে পারবেন না।

অধ্যাদেশের ২য় ক্যাটাগরিতে শর্তাবলী আগের মতোই বহাল রয়েছে। অর্থাৎ যাদের স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ২০১৯ সালের ৩১ অক্টোবর বা তার আগে মেয়াদোত্তীর্ণ হয়, তারা কোন কাজ বা মালিক ছাড়াই মাত্র ১৬০ ইউরো পরিশোধ করে ঐ ৪৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন বৈধতার। এক্ষেত্রে আবেদনকারীকে ৬ মাসের বিশেষ স্টে পারমিট দেয়া হবে শুধুমাত্র কাজ খোঁজার জন্য। প্রথম ক্যাটাগরিতে যেসব সেক্টরের মালিকরা শ্রমিক নিতে পারবেন ঠিক ঐসব সেক্টরেই ৬ মাসের মধ্যে কাজ পেয়ে বিশেষ স্টে পারমিটকে নর্মাল স্টে পারমিটে কনভার্ট করা যাবে।

প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে’র নেতৃত্বাধীন মন্ত্রীসভায় অনুমোদিত অধ্যাদেশটি যেহেতু এখনো গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি, তাই ধারা উপধারা সংশোধন বা সংযোজনের আরও সুযোগ রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এটি সহসাই পার্লামেন্টে আলোচনার জন্য উত্থাপিত হবে। তবে অভিবাসীদের জন্য আশার কথা হচ্ছে, ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় নেতিবাচক কিছু ঘটার আদৌ কোন সম্ভাবনা নেই। দালাল চক্রের খপ্পরে পড়ে আম-ছালা দুটোই হারাবার ঝুঁকি থাকায় অবৈধ অভিবাসীদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে চোখ-কান খোলা রেখে।

◾ মাঈনুল ইসলাম নাসিম ◾
(ইতালি প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.