
রাজিউল হাসান পলাশঃ সদ্য নিয়োগ প্রক্রিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিতদের সংবর্ধনা দিয়েছে ধামরাই থানা পুলিশ। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে ধামরাইয়ে মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে ঢাকার ধামরাই উপজেলা হতে ট্রেইনি রিক্রুট পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৪২১ জনকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত নারী ও পুরুষ সদস্যদের অভিভাবক উপস্থিত ছিলেন। নব নির্বাচিত ট্রেইনিদের ঢাকা জেলা পুলিশের পক্ষ হতে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধিত করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা।
এসময় নিয়োগ প্রাপ্ত কনস্টেবলবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করেন। তাদের পরিবারের কাছ থেকে জানা যায় তারা কেউ রিকশা চালক, কেউ সিএনজি চালক, কৃষিকর্মী, মুদির দোকানদার। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা প্রত্যেকে তাদের চাকুরী পাবার কাহিনি অশ্রুসজল নয়নে বর্ণনা করেন।
