
মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলায় জনপ্রিয়তা পাচ্ছে পরিবেশ-বান্ধব বন্ধু চুলা। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের বন্ধু চুলা প্রকল্পের এই চুলায় হাসি ফুটেছে গৃহীনিদের মুখে। জ্বালানি সাশ্রয়ী, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু বান্ধব বন্ধু চুলা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি ও মিয়ার গট্টি এলাকায় প্রায় প্রত্যেক বাড়িতেই এই বন্ধু চুলা ব্যবহার করছে গৃহীনিরা। মিয়ার গট্টি এলাকার গৃহবধূ সুফিয়া বেগমের রান্না ঘরে গিয়ে দেখা যায়, তিনি বন্ধুচুলায় রান্না করছে। পাশেই রয়েছে মাটির তৈরি চুলা তা তিনি বন্ধ রেখেছেন। বন্ধুচুলা তিনি কেন ব্যবহার করছেন তা জানতে চাইলে তিনি জানান, এ চুলায় জ্বালানি সাশ্রয়ী হয়, ধুয়া হয় না, চুলার পাশে কোন ময়লা জমে না, দ্রুত রান্না করা যায়। তিনি বলেন, আমার নিজের তৈরি মাটির চুলার চেয়ে এই চুলা ব্যবহারে আমি বেশি খুশি।
এ ব্যাপারে ফরিদপুর জেলা বন্ধু ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার মোঃ সোহাগ হোসেন বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি বাড়িতে ধোঁয়ামুক্ত, পরিবেশ বান্ধব ও জ্বালানী সাশ্রয়ী বন্ধুচুলা স্থাপন ও ব্যবহার নিশ্চিত করা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের স্বপ্ন। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।
