ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এ.এফ.এম.ডি রেজা ফয়েজ মিয়ার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিন সকাল থেকে জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা ভাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চান। বর্তমান সরকারের উন্নয়ন ও ভাংগা পৌরসভার চলমান উন্নয়ন তুলে ধরেন তারা।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে যে উন্নয়ন করছে তারই ধারাবাহিকতায় ভাঙ্গা পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে এই আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতৃত্বে ভাঙ্গা উপজেলা ও ভাঙ্গা পৌরসভায় অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়া পৌরবাসীর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউল হাসান মিঠু আরও বলেন, অধিকাংশ ভোটাররা বলেছেন তারা মূলত তিনটি কারণে নৌকা প্রতীকে ভোট দেবেন। প্রথমত, আওয়ামী লীগ সরকার তাদের পৌরসভায় সর্বোচ্চ উন্নয়ন করেছে। দ্বিতীয়ত, স্থানীয় সংসদ সদস্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। তাই তারা নিক্সন চৌধুরীর সম্মানে নৌকায় ভোট দেবেন। তৃতীয়ত, নৌকার প্রার্থী রেজা ফয়েজ মিয়া একজন সৎ ও যোগ্য ব্যক্তি।
পৌরসভার সাধারণ মানুষের কাছে তিনি সর্বোচ্চ গ্রহণযোগ্য প্রার্থী। সবকিছু বিবেচনায় ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চান ভোটাররা।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, রাহাত খান সদস্য লাভলু মুন্সি, তানভির কামাল সাব্বির, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, শরিফুল হাসান প্লাবন, বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা এম. এম. নাসির , মোঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুল, সাবেক ভিপি মোঃ কাউসার আকন্দ, মোস্তাফিজুর রহমান শুভ, রাজিবুল হাসান বাবু, আশিকুর রহমান আশিক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগ সহ অনেকে।
