
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের বাস্তা মিলগেট এলাকায় সওজ এর আঞ্চলিক মহাসড়কের দু’পাশের টেন্ডারকৃত গাছ কর্তনের সময় গাছের চাপায় একটি ইজিবাইকের সাত যাত্রীর মধ্যে স্বামী-স্ত্রী সহ পাঁচজন নিহত এবং আহত হয় আরোও দুইজন। বালিয়া ইউনিয়ন পরিষদ হতে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করে ফেরার পথে রাস্তার গাছের চাপায় নিহত হয়েছেন তারা।
আজ সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের বাস্তা মিলগেট এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন- উপজেলার তেলি গ্রামের মাজেদা বেগম (৬৫) ও আয়শা বেগম (৬০) ও কামার পাড়ার সামছুল হক (৭০), বাইচাল সরকার পাড়া গ্রামের আমিনুল ইসলাম (৬৫) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫৫)। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কালামপুর বালিয়া সড়কটির গাছ কেটে নিচ্ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় গাছ পড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঠিকাদারসহ গাছ কাটা শ্রমিকরা পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সামিউল হক এবং ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ঠিকাদার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
