
রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের সদস্য তোতা মিয়াকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চৌহাট এলাকার নাজিম উদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে ৫৯ পুরিয়া (৮ গ্রাম) হেরোইন ও দুই শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তোতা মিয়াকে আটকের পর মাদক কারবারি খলিলুর রহমানের ছেলে নাজিম উদ্দিনকেও আটক করা হয়। তোতা মিয়া চৌহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়রা জানায় তোতা মিয়া এলাকায় জুয়া ও মাদক বিক্রয়ের মূল হোতা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধামরাই সার্কেলের পরিদর্শক আবদুস সালাম। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় নিয়মিত মামলা করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।
