
রাজিউল হাসান পলাশঃ করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে দেশ, জাতি ও মানবতাকে রক্ষার জন্য জুমার নামাজের জামাতে ১০ জন ও প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে পাঁচজন যেতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই বিষয়ে যাতে মুসল্লিদের সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয় সে জন্য ধামরাই পৌরসভার ৪৫ টি মসজিদের ইমাম সাহেবদের নিয়ে মতবিনিময় সভা করেছে ধামরাই পৌর প্রশাসন। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌর মেয়র গোলাম কবির সকল ইমামদের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ধামরাই পৌরসভায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসনের আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম কবির। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, ওসি অপারেশন মাসুদুর রহমান, ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসান।
সভায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে জনসমাগমের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এ ধরনের বিস্তার ও প্রাণহানির ঘটনার উদাহরণ বিদ্যমান। ইতোমধ্যে মুসলিম স্কলারদের অভিমতের ভিত্তিতে মক্কা মুকাররম ও মদিনা মুনাওয়ারাসহ বিশ্বের প্রায় সব দেশের মসজিদে মুসল্লিদের আগমন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত বাংলাদেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বসাধারণের আগমন বন্ধ রাখার জোর পরামর্শ দিয়েছেন। আপনারা ইমাম আপনাদের কথা মুসল্লিরা মানবে দেশের স্বার্থে আপনারা মুসল্লিদের বুঝান বাড়িতে থাকতে। আযানের আগে ও পড়ে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে বাড়িতে নামাজ পড়তে অনুরোধ করেন। মাইকে বিশেষ দোআর আয়োজন করতে পারেন। এছাড়াও দিনের বিভিন্ন সময় করোনা সংক্রমণ ঠেকাতে মাইকে বক্তব্য প্রদান করতে পারেন। মতবিনিময় শেষে দেশ ও জনগণের জন্য মহান আল্লাহর দরবারে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য দোআ করা হয়। দোয়া পরে সকল ইমামদের খাদ্যসামগ্রী উপহার দেন।
