ইতালির রোমস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব আবদুস সোবহান সিকদার সার্বিয়ার জ্যেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব আইভিকা ড্যাসিক-এর সাথে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর/২০১৯) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় দু’দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুভিাগের মহাপরিচালক এবং এশিয়া অনুবিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে, মান্যবর রাষ্ট্রদূতের সাথে ছিলেন দূতাবাসের ইকনমিক কাউন্সেলর জনাব মানস মিত্র ও প্রথম সচিব (রাজনৈতিক) জনাব রাজীব ত্রিপুরা।
আলোচনায় সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক সংলাপ এবং উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দু’দেশের ঐতিহাসিক বন্ধুত্বের উপর ভিত্তি করে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে তার আগ্রহের কথা জানান।
মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একমত পোষণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের সাথে সাবেক যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটোর ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। মান্যরব রাষ্ট্রদূত জানান দু’দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে তিনি আন্তরিকতার সাথে কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পরে তার সার্বিয়ার ব্যবসায়ীদের সাথে বাণ্যিজিক সেমিনারে অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, সেমিনারে দু’দেশের অর্থনৈতিক বাণিজ্য বৃদ্ধির ব্যপারে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে । তিঁনি দু’দেশের মধ্যে “প্রতিরক্ষা চুক্তি” এবং “সরকারি ও কুটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি” স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে মর্মে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। মান্যবর রাষ্ট্রদূত উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর সম্পাদন করা যেতে পারে বলে মত ব্যক্ত করলে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান। উল্লেখ্য, মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সার্বিয়া ও আলবেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত আছেন।
