
ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকা থেকে হান্নান (৪০) নামে এক ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদেন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জয়পুরা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা (সজাগ) নামে একটি এনজিওর পরিত্যক্ত ভবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হান্নান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাবসায়ী ছিলেন।
হান্নানের পরিবার জানায়, কে বা কারা গভীর রাতে তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। সে রাতে হান্নান বাড়ি ফেরেনি। সকালে পথচারিরা পরিত্যক্ত ভবনের ভেতরে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা ধামরাই থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমরা নিহত হান্নানের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
