
রাজিউল হাসান পলাশঃ ধামরাই পৌরবাসীদের নিকট পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার এবং ঘরে থাকার আবেদন জানিয়েছেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির। করোনা মোকাবিলায় জননিরাপত্তার স্বার্থে এ বারের রমজানে ঘরে থেকেই প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরোও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আরও অনেক দেশই লকডাউনে যেতে বাধ্য হয়েছে। এই লকডাউন কবে উঠবে, নিশ্চিত নন কেউই। ইসলাম অনুসারীদের মাঝে আল্লাহর রহমতের মাস রমজান মাস চলে এসেছে। আর এবার যেহেতু পরিস্থিতি স্বাভাবিক নয় সেহেতু সরকারের নির্দেশ মেনে চলাই আমাদের জন্য ভালো হবে।
মেয়র গোলাম কবির বলেন, বাজারে আপনারা বেশি ভীড় করবেন না, ব্যাংকে কাজ থাকলে সামাজিক দুরত্ব মেনে চলুন। আল্লাহর ইবাদত তো যেকোন জায়গায় বসে করা যায়। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে তারাবীহ নামাজ ঘরে বসে পড়ুন, আল্লাহ্কে বেশি বেশি ডাকুন, দেশ থেকে করোনা ভাইরাসের মুক্তি পেতে আল্লাহর কাছে দোআ করুণ।
রমজান উপলক্ষে আগামীকাল থেকে পৌরসভার গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে দুই শিফটে পৌরসভার কর্মী, আনসার ও স্বেচ্ছাসেবকদের দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন পৌর মেয়র। সকাল ৭ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পিক আওয়ারে ১৪ জন আনসার সহ পৌরকর্মী ও স্বেচ্ছাসেবকগণ পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নজরদারি করবেন যাতে বাহির থেকে অপরিচিত কেউ পৌরসভার ভিতরে প্রবেশ করতে না পারে। এরপর দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকবে ২য় দল এরপর রাত ১০ টা থেকে যথারীতি পৌর পাহারাদারগণ কার্যরত থাকবে।
এছাড়াও মেয়র করোনা পরিস্থিতি মোকাবেলায় পৌরসভায় চালু করেছেন ধামরাই পৌরসভার কন্ট্রোল রুম, এবং প্রচার করে দিয়েছেন হটলাইন নাম্বার। হটলাইন নাম্বারে করোনা পরিস্থিতি সামাল দিতে যে কোন পরিস্থিতিতে ফোনে দেয়া তথ্য অনুযায়ী সার্ভিস দেন পৌর কর্তৃপক্ষ। পৌরসভা জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন দুই বার পৌরসভার প্রধান সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি মশক নিধন স্প্রে করা হচ্ছে। সামাজিক দুরত্বে কাঁচাবাজার বসিয়েছেন যাত্রাবাড়ি ও ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
